August 9, 2026, 7:47 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী ১২ জানুয়ারি বুধবার জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের কেড়ির মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান বলেন, জেলা বিএনপির উদ্যোগে গত ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের নওজোয়ান মাঠ এক জনসভার আয়োজন করা হয়। কিন্তু এই জনসভা বানচালের চেষ্টায় একই সময় একই মাঠে যুবলীগও কর্মসূচি ঘোষণা করলে জেলা প্রশাসন পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে প্রশাসনের অনুমতি না পেয়ে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে জনসভা স্থগিত করা হয়।
তিনি আরো বলেন, একই দাবিতে চলতি মাসের ১২ জানুয়ারি জনসভার জন্য শহরের তিনটি স্থান ব্যাবহারের অনুমতি চেয়ে আবারও স্থানীয় প্রশাসনের নিকট সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে। তাই ১২ জানুয়ারি জনসভা সফল করতে সার্বিক সহযোগিতা কামনা করেন প্রশাসনের।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন আহমেদ ও রফিকুল আলম, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন,শফিউল আজম (ভিপি) রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।