August 28, 2026, 11:48 am
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র (স্থানীয়ভাবে জলিল বাহিনী নামে পরিচিত) দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং সাধারণ মানুষের ওপর চাপ প্রয়োগ করে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, এই পরিস্থিতির কারণে বিশেষ করে সংখ্যালঘু পরিবারের সদস্যসহ সাধারণ গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী জানান, পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে এখন সাধারণ খেটে খাওয়া মানুষদের রাতের বেলায় পালাক্রমে পাহারার দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে তাদের দৈনন্দিন জীবন, কাজকর্ম ও বিশ্রামে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।
স্থানীয়রা দাবি করেছেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। তারা দ্রুত সময়ের মধ্যে, অভিযোগের ভিত্তিতে মূল হোতাদের গ্রেপ্তার
সংঘবদ্ধ চক্রের কার্যক্রম বন্ধ,
এলাকায় স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, যাতে শাবরুল গ্রামে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরে আসে।