August 28, 2026, 2:18 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে মাঠের মধ্যে থেকে চোখ উপড়ানো এবং হাত-পা পোড়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার দুপুরে উপজেলার শিয়ালা গ্রামের উত্তর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি।
রাণীনগর থানার সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা মাঠের মধ্যে জমিতে খর দিয়ে ঢাকা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই লাশের দুই হাত ও এক পায়ে পোড়ার চিহ্ন রয়েছে এবং চোখ ও গালের মাংস হয়তো কোনো বন্যপ্রাণি খেয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটির কাছে তিনটি রড ও একটি স্ক্রুড্রাইভার পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলামতগুলো যেখানে পাওয়া গেছে সেখানে বিদ্যুতের ট্রান্সফর্মার রয়েছে। সেই ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে হয়তো বিদ্যুতস্পৃষ্ট হয়ে হয়তোবা তিনি মারা গেছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#