August 9, 2026, 12:58 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক দেড়টা থেকে ২ টার দিকে নওগাঁ শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে মোন্নার পুকুরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো, নওগাঁ সদর উপজেলার নামা শেরপুর গ্রামের টিপু সুলতান টুকুর মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও ছেলে ফরহাদ হোসেন (৮), একই গ্রামের সালাম মণ্ডলের মেয়ে খাদিজা আক্তার (১০), আনার মণ্ডলের মেয়ে আশা খাতুন (১৩)। তারা স্থানীয় একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। এক পর্যায়ে ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা নামে চার শিশু পানিতে ডুবে যায়। বাকি দুইজন পাড়েই ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শিশুরা গোসল করতে নেমে খেলার সময় মৃত্যু বরণ করেছে, তাদের কোনো দাবি-দাওয়া নাই।#