September 19, 2026, 4:33 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে মানুষকে প্রতারনার ফাঁদে ফেলে অর্থ আদায়কারী চক্রের হোতাসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধায় ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য সাঁড়াসি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, সাহেবগঞ্জ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মান্নান(৫০), সাইফুল ইসলামের ছেলে আতিকুর রহমান স্বাধীন(২২) এবং কোবাদ সরকারের ছেলে শামীম সরকার মামুন(২৩)। এসময় সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের আলীর ছেলে কামাল হোসেন(৪০), আব্দুস সোবাহানের ছেলে রাসেল(২৫), কাসেম আলীর ছেলে মুন্না(১৯), আমজাদ চৌকিদারের ছেলে জনি(১৯), মৃত মজনুর ছেলে সাকিব(২০), মৃত সাদিয়ার রহমানের ছেলে নজরুল বিডিয়ার(৬৫) পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান থানার ওসি আবুল কালাম আজাদ।
জানা যায়, সিরাজগঞ্জ জেলাধীন তারাশ উপজেলার তারাশ গ্রামের সাহাবর খান(৩৭) গত ২৬ মে বুধবার দুপুরে তার ভ্যাগিনা খোকন এর শশুর বাড়ী আত্রাই উপজেলাধীন সাহেবগঞ্জ গ্রামে বেড়াতে আসে। ভ্যাগিনা রাজমিস্ত্রীর কাজে বাহিরে থাকায় ভাগ্নে বউ হাফিজা আক্তার হ্যাপি তার মামা জয়নাল আবেদিন ফকার বাড়ীতে বেড়াতে নিয়ে যায়। তারা সেখানে চা পান করছিলেন এমন সময় চক্রটি সেখানে উপস্থিত হয়ে ভয় ভিতি দেখায়। একপর্যায়ে প্রতিবেশিরা এগিয়ে এলে সাহাবর খান কে মটরসাইকেলে করে অজানা স্থানে নিয়ে যায়। সেখানে মারধর করে তার(সাহাবর) নিকট হতে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। প্রাণের ভয়ে সাহাবর তার ভাতিজা আবু তালেবের মাধ্যমে চক্রটির দুটি নাম্বারে ৫০ হাজার টাকা বিকাশ করে। টাকা পেয়ে চক্রটি সাহাবরকে ছেড়ে দেয়। এছাড়া চক্রটি দীর্ঘ দিন ধরে মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, সাহাবরকে গোপন স্থানে আটক রেখে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে তাকে মারধর করে। প্রাণের ভয়ে সাহাবর তার ভাতিজা মারফত ৫০ হাজার টাকা চক্রটির দুটি নাম্বারে বিকাশ করে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে টাকাসহ চক্রটির তিন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রজু করে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাঁকীদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।#