August 9, 2026, 11:43 am
কবিঃ মনিরুল ইসলাম মুকুল
আজন্ম শিশু তুমি কোন ইতিহাসে থাকবে?
আমার বোনের দেহটা ছিঁড়েছিঁড়ে খাচ্ছে অসূরেরা,
আমি তুমি কেউ ভালো নেই ;
আর কত সীতার ভবিষ্যৎ ভূলুণ্ঠিত হবে
অসূরের থাবানলে?
ওরা পিচাশ, ওরা জানোয়ার,
সুন্দর ফুটফুটে সকালটা ঢেকে গেছে অন্ধকারে,
আজন্ম শিশু তুমি কোন ইতিহাসে থাকবে?
কালিপড়া ভবিষ্যতের দিকে এগিয়ে তুমি
তোমার ইতিহাস বড়ই বেদনার জানি
চুনকাম মুখে মেখে
তোমার মাতাকে করেছে বস্ত্রহরণ
তখন নিরুপায় তোমার মাতা।
নোনাধরা বিবেগের কাছে হেরে যায়
চনচনে রোদ,
আবার ধুপধুনো জ্বালিয়ে যে মাতা
মা দূর্গা তোমাকে দিয়েছে আরতি
কিংবা দিনের পর দিন উপোস থেকে
তোমায় দিয়েছে পূজা
সেই মাতাই আজ সম্ভ্রম হারিয়েছে।
আজন্ম শিশু তুমি কোন ইতিহাসে থাকবে?
কালাকালের ইতিহাস তুমি বাংলাদেশ
জেনে রেখো
নির্লজ্জ দুপুরে কিংবা রাতে
আমার বোন তোমাকে দেবে অভিশাপ।
নিস্তব্ধ সন্ধ্যার বাতি জ্বালিয়ে
তেরোশত নদী বুকে জড়িয়ে
লাবণ্যহীন বোনের রাত্তির কান্না
শুনতে পাবে তুমি!
অন্ধ অহংকারে ডুবে থেকো না
ঢেঁকিঘর থেকে বিদ্রোহের ধ্বনি শুনি
আর তোমার ইতিহাস বড়ই বেদনার জানি।