August 9, 2026, 7:33 am

দলীয় অফিসে হামলার ঘটনায় মামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১০

দলীয় অফিসে হামলার ঘটনায় মামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়নের চয়েনের মোড় নামকস্থানে আওয়ামী লীগ দলীয় অফিসে হামলা চালিয়ে মারপিট, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বারেক, ইউপি মেম্বার আজিজার রহমানসসহ উভয় মামলার ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত রোববার সকাল অনুমানিক ১১টায় একডালা ইউনিয়নের উপরতালিমপুর গ্রামের শাহাদজুলের ছেলে সুজন এবং ময়নুলের ছেলে রুবেলের মধ্যে ইউনিয়নের চয়েনের মোড় এলাকার তালিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে চয়েনের মোড় নামক বাজারে আওয়ামী লীগ দলীয় অফিসে রাত অনুমানিক ৮টার সময় সমাধানের জন্য উভয়পক্ষ বসে। এসময় আজিজার রহমানের নেতৃত্বে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র, প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর ও অবমাননা করে। এ ঘটনায় সোমবার রাতে উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য উপরতালিমপুর গ্রামের জাহের আলীর ছেলে হোসেন আলী ইউপি মেম্বার আজিজার রহমানসহ এজাহারনামীয় ১৬ জন এবং আরো ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এদিকে একই রাতে একডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর বারেকসহ কয়েকজন মেম্বার আজিজার রহমানের পথরোধ করে মারপিট করার অভিযোগে আজিজার রহমানের ভাতিজা রেজাউল ইসলাম আব্দুল বারেকসহ এজাহারনামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। উভয় মামলার পরিপ্রেক্ষিতে ওই রাতেই অভিযান চালিয়ে ঘাটাগন গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল বারেক (২৫), উপরতালিমপুর গ্রামের আজিজার রহমান মেম্বার (৬১), একই গ্রামের নাদিম হোসেন(২৪), জাহিদ হাসান(২২), জাহিদ হাসান বুলুন (২০) দৌলত হোসেন (৪৮), রাব্বি হাসান (২০), সুজন (২০), মানিক (২৫) এবং আব্দুল ওহাব ওরফে সারোয়ারকে (৩৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মোঃ জহুরুল হক বলেন, উভয়পক্ষের ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দুটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com