August 28, 2026, 12:01 pm

নেশার টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী

নেশার টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় নেশার টাকা না পেয়ে শারিরীক নির্যাতন করে স্ত্রীর চুল কেটে দিয়েছে পাষণ্ড স্বামী। বুধবার উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়ায় এই বর্বোরচিত ঘটনাটি ঘটে। নির্যাতিত সাবিনা বেগম ওই গ্রামের হায়দার আলীর স্ত্রী এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাগর সৈয়দপুর গ্রামের ইসমাইল হোসেন ঝিনু’র মেয়ে।

নির্যাতিত সাবিনা বেগম জানান, পাঁচ বছর পূর্বে ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন তিনি এবং হায়দার আলী ওই এলাকায় রিকশা চালাতেন। সেখানেই তাদের দু’জনের পরিচয় হয়। কিছুদিন পরে হায়দার আলী সাবিনা বেগমকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর দুজনে ঢাকা থেকে স্বামীর বাড়ি বাগাতিপাড়ার শেখপাড়ায় চলে আসেন। এরপর থেকেই স্বামী হায়দার আলী কাজ কর্ম না করে সারাদিন নেশা করে ঘুরে বেড়ান। নেশার টাকা না পেলে স্বামী হায়দার আলী সাবিনার ওপর নির্যাতন করতেন। সেই নির্যাতন সইতে না পেরে মাঝে মধ্যেই বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীর হাতে তুলে দিতেন।

বুধবার সকালে আবারও বাবার বাড়ি থেকে নেশার করার জন্য ৬ হাজার টাকা এনে দিতে বলেন হায়দার আলী। কিন্তু সাবিনা বেগম তাতে অস্বীকৃতি জানান। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাবিনাকে বেধড়ক পেটায় এবং চুল কেটে দেয় তার স্বামী। সে সময় প্রাণ রক্ষায় তিনি ছুটে গিয়ে প্রতিবেশির বাড়িতে পালিয়ে থাকেন। পরে প্রতিবেশিদের মাধ্যমে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার মা সুফিয়া বেগম বাগাতিপাড়ায় এসে মেয়েকে উদ্ধার করে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেনের সহায়তায় তাদের বাড়ি তাড়াশে নিয়ে যান।

ইউপি সদস্য আনোয়ারের স্ত্রী জানান, সাবিনা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার চুল কেটে দিয়েছে। বিভিন্ন স্থানে কালশিরা, জখম হয়েছে। তিনি সাবিনাকে তার বাড়িতে গোসল করানোর সময় সাবিনার শরীরের বিভিন্ন স্থান দেখেছেন।

খবর পেয়ে সংবাদকর্মীরা বাড়িতে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত হায়দার আলী বলেন, নিজের স্ত্রীকে তিনি মেরেছেন। এতে কারই বা কি বলার আছে। তবে বাপের বাড়ি চলে যেতে না পারে সেইজন্য তিনি তার স্ত্রীর চুল কেটে দিয়েছেন। কথাগুলো বলতে বলতেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক বলেন, এ ব্যপারে তিনি কোন অভিযোগ পাননি। তবে বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নিবেন। এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com