September 19, 2026, 11:29 am
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল কাসেম (৫০)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই চানফর আলীর বিরুদ্ধে।
শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল কাসেম উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্বমনাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নিহত আবুল কাসেমের স্ত্রী মমতা বেগম জানান, তার ভাসুর চানফর আলীর সঙ্গে বলবিলা বিল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তার স্বামী আবুল কাসেম ওই বিলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
শুক্রবার এশার নামাজের পর পরিকল্পিতভাবে চানফর আলী ও তার ছেলে-মেয়ে, স্বজনরা একসঙ্গে হামলা চালায়। পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। কুপিয়ে শরীর ক্ষত-বিক্ষত করে ফেলেছে। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরই তার স্বামী মারা যায়।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধের জের ধরে আবুল কাসেমকে হত্যা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।