August 9, 2026, 7:39 am
নেত্রকোনা প্রতিনিধি
দেশে উন্নয়নের উপাদান পাচ্ছি, কিন্তু তা ভোগ করার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল।
তিনি বলেন, দেশে উন্নয়নের কিছু উপাদান আমরা পাচ্ছি। কিন্তু ফল ভোগ করার মতো পরিস্থিতি তৈরি করছি না। আর যে উন্নয়ন হচ্ছে তা অনেকটা প্রবৃদ্ধিভিত্তিক। মানবাধিকারের সঙ্গে এ সব উন্নয়নের অসামঞ্জস্য রয়েছে।
সোমবার দুপুরে জেলা সদরের শিবগঞ্জ রোডে বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে হিউম্যান রাইট ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যদের নিয়ে জেলা পর্যায়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল এ সব কথা বলেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ সভার আয়োজন করে।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সুশাসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শান্তি প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ না দেয়া হচ্ছে না। এখনও আমরা শ্রমবিভাজনের সমাজে বা সামন্ত-সংস্কৃতির সমাজেই বসবাস করছি।
নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক স্বপন কুমার পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মানবাধিবার সংস্কৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা টিপু সুলতান, নাহিদা সুলতানা পলি, উদীচীর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট দিলুয়ারা বেগম, মুর্শেদ ইকবাল রীমু, কোহিনূর বেগম, নারীনেত্রী কল্যাণী হাসান, মেহেরুন্নেছা নেলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম সবুজ, ফৌজিয়া নাসরিন, নিগার সুলতানা লাকী প্রমুখ।