August 9, 2026, 8:41 am

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি রুবেল নিহত

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি রুবেল নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল মিয়া (৩১)।

পুলিশের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তিনি মাদকসহ সাত মামলার আসামি। রুবেল মিয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার মজিবর রহমানের ছেলে।

শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশ গোপন সংবাদে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী উপজেলার দক্ষিণ হবিরবাডি় নামক স্থানে মাদক বেচাকেনা করছে।

ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দুটি দল ঘটনাস্থানে পৌঁছায়। এ সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে।

তাদের গুলিতে এএসআই সুজন চন্দ্র সাহা আহত হন। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও শটগান দিয়ে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী রুবেল মিয়াকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় আহত মাদক ব্যবসায়ী রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় চারটি ও গাজীপুরের শ্রীপুর থানায় তিনটি মামলা রয়েছে।

নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com