August 9, 2026, 8:41 am
নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামে মানিক হোসেন (৪৫) নামের এক ব্র্যাক কর্মকর্তাকে প্রকাশ্যে কুপিয়ে ৬ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বত্তরা। মঙ্গলবার বেলা ৩টার দিকে আনন্দনগর কবরস্থানের পাশে রাস্তাতে ওই ঘটনা ঘটে। জখমপ্রাপ্ত কর্মকর্তা মানিক হোসেন উত্তর নারীবাড়ি গ্রামের মৃত নওশের আলীর ছেলে।
ব্র্যাক অফিস সুত্রে জানা যায়, মানিক হোসেন খুবজিপুর ইউনিয়নের ব্র্যাক শাখা অফিস থেকে চাঁচকৈড় জনতা ব্যাংকে এনজিওর টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে আসছিল। এসময় মানিকের সাথে ওই শাখার ম্যানেজার মুক্তার হোসেন ছিলেন। পথে আনন্দনগর গ্রামের ওই রাস্তা আসলে দূর্বত্তরা পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিয়ে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করে দ্রুত চলে যায়। মানিক খুবজিপুর শাখার হিসাব শাখার কর্মকর্তা ছিলেন। ওই সময়ে ম্যানেজার মুক্তারও আহত হন। তাদের ডাকচিৎকারে এলাকাবাসি তাদের উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে আসেন।
জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন। তবে ওই ম্যানেজার গুরুদাসপুর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম জানান, ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।