August 9, 2026, 10:29 am
সিংড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের সিংড়ায় বড় বারোইহাটি গ্রামে অজ্ঞাত রোগে ২২ শ লেয়ার মুরগী মারা যাওয়ায় সর্বশান্ত খামারি সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম সরদার। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তাঁর দুটি খামারে মুরগী মরে পড়ে আছে। জানা যায়, প্রায় ৫ বছর আগে বাড়ির পাশে পোল্ট্রি মুরগীর খামার গড়ে তোলেন আব্দুল করিম। তাঁর তিনটি খামার রয়েছে, এর মধ্য দুটি খামারের মুরগী ৭ দিন থেকে মারা যাচ্ছে। কি কারনে মারা যাচ্ছে তা বলতে পারছে না। আব্দুল করিম বলেন, আমার তিনটি খামারে প্রায় তিন হাজার মুরগী ছিলো। গত ৭ দিন থেকে মুরগী মারা যাচ্ছে। মুরগী মারা যাওয়ায় লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। অজ্ঞাত রোগে মুরগী গুলো মারা যাচ্ছে। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশিরা জানান, আব্দুল করিম প্রবীণ আওয়ামীলীগের একজন কর্মী। বর্তমানে দলে তাঁর মূল্যয়ন নাই। ৫ বছর ইউপি মেম্বার হয়ে ঘরের টিনের চালাই রয়ে গেছে। হঠাৎ কয়দিন থেকে তাঁর খামারের মুরগী মারা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গৌরাঙ্গ তালুকদার জানান, এ বিষয়ে আমার জানা ছিলো না। তাঁর খামারের মুরগী পরীক্ষা করে দেখতে হবে কেনো মারা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান গামব্রু রোগে মারা যাচ্ছে বলে তিনি জানান।