August 9, 2026, 12:05 pm
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
দেশের চলমান সংকটে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে সাংসদ আব্দুল কুদ্দুস বলেন মানবতার চেয়ে বড় কিছু নেই। সবার এই সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। গতকাল শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে নিজস্ব তহবিল হতে ৪৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি ওই কথাগুলো বলেন।
তিনি বলেন, দেশের এই সংকটকময় মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানরা আমাদের চারপাশে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানো উচিত।
নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ‘ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সকল দরিদ্র জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন।’
বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও বিশেষকরে স্থানীয় জন প্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আব্দুল কুদ্দুস বলেন, ‘এই মারাত্মক ভাইরাস সংক্রমণের ভয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ গৃহবন্দী রয়েছে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। ধনী-গরীব, উন্নত-উন্নয়নশীল সকল দেশ পরিস্থিতি সামাল দেয়ার জন্য একে অপরের সাহায্য সহযোগিতা গ্রহণ করছে।’ তাই আমাদের সবার এই সময়ে যার যার অবস্থান থেকে অসহায় দরিদ্র দিনমজুর মানুষের পাশে দাঁড়ানো উচিত। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল কল্লোল ফাউন্ডেশনের দাদা আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস শোভন, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু, অধ্যক্ষ মুক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাস প্রমুখ।#