August 9, 2026, 8:40 am
জালাল উদ্দিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
করোনা ভাইরাস প্রতিরোধ করতে নাটোরের গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম নিয়েছেন ব্যতিক্রমি উদ্যোগ। থানার গেটের সামনে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলোন সাবান ও টিসু। রয়েছে একটি বিলবোর্ডও। সেখানে লেখা রয়েছে “ বেসিনে ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন”। শুক্রবার সকালে থানার মুল ফটকের সামনে ওই বেসিন স্থাপন করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে থানায় । নিজেদের সুরক্ষা এবং সকলকে সচেতন করতেই আমার এই উদ্যোগ। থানায় প্রবেশের পূর্বেই যেন সবাই স্যাভলোন সাবান দিয়ে ভাল ভাবে হাত, মুখ ধুয়ে থানায় প্রবেশ করতে পারে তার জন্য স্থাপন করা হয়েছে বেসিন। আমরা চাই সকল মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক। তারপরও হোমকোয়ারান্টাইনে থাকা সকল বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর এবং পরামর্শ প্রদান করা হচ্ছে।#