August 9, 2026, 12:50 pm

শাবি ভিসি ‘না সরলে’ সরকার ‘পদত্যাগের’ আন্দোলন

শাবি ভিসি ‘না সরলে’ সরকার ‘পদত্যাগের’ আন্দোলন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সরে না দাঁড়ালে সরকারের পদত্যাগ দাবিতে ‘আন্দোলনের’ হুমকি দিয়েছে নওগাঁ জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে প্রতিকী অনশন সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন।

অনশনে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বর্তমান অবৈধ সরকারের হাতে বহু নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন।

‘সবশেষ আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন।’

গত ১৩ আগস্ট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগ দাবিতে শুরু করা আন্দোলনে শিক্ষার্থীরা পরে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি যুক্ত করেন।

গত কয়েকদিন আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধারে যাওয়া পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড হামলায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।

রুবেল হোসেন বলেন, ‘তারা শিক্ষার্থীদের আহত করেছে, তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে ও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, ‘উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তোলা হবে।’

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার সঞ্চালনায় অনশনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আলম রোমিও, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর কাদের রাসেল ও সাংগঠনিক সম্পাদক অমিও সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com