August 9, 2026, 9:43 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ছাত্রলীগের ইতিহাস বাঙালি ও স্বাধীনতার ইতিহাস। এদেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন রয়েছে এবং মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান বঙ্গবন্ধু তার বক্তব্যের মধ্য দিয়ে বলে গেছেন। তিনি মঙ্গলবার নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জন্মের শুরু থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। তাই ছাত্র লীগের নেতাকর্মীদের সততা-নিষ্ঠা ও অন্যায়কে প্রতিরোধ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।#