August 9, 2026, 7:28 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা থানার মদন চক গ্রামে ২ মাসের দুধের শিশুকে রেখে রিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত রিনা খাতুন মদন চক গ্রামের মোঃ ইন্তাজ আলীর মেয়ে ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ ময়নুর ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্মদান করেন রিনা খাতুন। সিজারিয়ান অপারেশনের পর থেকে সে বাবার বাড়িতে থাকেন। সন্তান জন্মদানের পর সে মানুষিক রোগে আক্রান্ত হয়। সে তার শিশু সন্তানকে কোলে নেন না এমনকি তাকে বুকের দুধও পান করাতেন না। এমতাবস্থায় সোমবার সন্ধার পূর্ব মুহূর্তে সবার অজান্তে বাড়ির পেছনে একটি গাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। তবে তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।