August 9, 2026, 8:37 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে ভিন্ন আঙ্গিকে মানব সেবার লক্ষ নিয়ে একদল স্বেচ্ছাসেবী’র নিরলস প্রচেষ্টায় অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন” এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর ) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রায় সহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা নির্নয়, চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে । এর আগে সাপাহার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার আলো ফাউন্ডেশন সংগঠনের প্রধান উদ্যোক্তা মালয়েশিয়া প্রবাসী মোঃ মুক্তাদুল কবির নাহিদের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমীন, সাপাহার থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সহ ফাউন্ডেশন কর্তৃক স্বেচ্ছাসেবী, ডাক্তার, নার্স সহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।