August 9, 2026, 8:43 am

বাসে বাড়ি ফিরতে পারবে রাবি শিক্ষার্থীরা

বাসে বাড়ি ফিরতে পারবে রাবি শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা
পরীক্ষা দিতে এসে আটকে পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছতে পারবে। তবে কবে থেকে বাস যাবে তা এখনো নির্ধারিত হয়নি।

রোববার দুপুরে এ বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে প্রশাসনকে না জানালেও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে প্রো-ভিসি, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও পরিবহন প্রশাসকের সাথে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দু’একদিনের মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, কোন এলাকায় কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়িতে ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দফতরে এসে বাড়ির তথ্যাদি তালিকায় যুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। তবে আশা করছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষাগুলো থেকে শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষাগুলো নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। যার ফলে রাজশাহীতে আসে শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে। ফলে বাড়ি ফেরা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com