August 9, 2026, 8:45 am
ডিএন২৪ ডেস্কঃঃ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তথ্য অধিদপ্তরের অধীনে এই সেল গঠনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, গুজব, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব কারণে মানুষের ক্ষতি হচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।
“পৃথিবীর বিভিন্ন দেশে এ সংক্রান্ত আইন আছে, আমাদের এখানে আইন নেই। সে কারণেই আমরা এই সেল গঠন করতে বলেছি। এই সেল অসত্যে খবরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সঠিক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরবরাহ করবে।”
সাবেক এই তথ্যমন্ত্রী জানান, গুজব ও অসত্য সংবাদ চিহ্নিত করে কাউন্টার পদক্ষেপ নিতে তথ্য অধিদপ্তরের আওতায় সেল গঠন করতে বলা হয়েছে।
বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরী এবং দর্শক-শ্রোতাদের ‘ফিডব্যাক’ নেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম অংশ নেন।