August 6, 2026, 10:03 pm

টিকা নিয়ে আর বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না দেশ : সেব্রিনা ফ্লোরা

টিকা নিয়ে আর বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না দেশ : সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, টিকা নিয়ে বাংলাদেশকে আর বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না।

তিনি বলেন, টিকা পাওয়ার ব্যাপারে আমাদের যে চ্যালেঞ্জগুলো ছিল তা মোটামুটি ওভারকাম করে উঠেছি। ইতোমধ্যে ৪৫ লাখ ডোজ টিকা এসে গেছে। আমরা আশা করছি এ সপ্তাহে ও পরে পর্যায়ক্রমে আরো টিকা আসবে। আমরা বিভিন্ন সোর্স থেকে টিকা কেনার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেতে শুরু করেছি।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে গণটিকা কর্মসূচি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, এখন যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে সবার টিকা নেয়াটাই সংক্রমণ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যত বেশিসংখ্যক মানুষকে টিকা দেয়া যায়। আমরা সেভাবেই কাজ করছি।

অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ডোজ পেলেও অনেকে দ্বিতীয় ডোজ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে এ মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে যাবে। আসার পরপরই যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা যতই সক্ষমতা বৃদ্ধি করি না কেন রোগী কমাতে না পারলে কোনো কাজ হবে না। এক্ষেত্র সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর চারটি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। সবাই টিকা গ্রহণ করে নিজেকে এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: ফজলুল কবীর, সহকারী পরিচালক (প্রশাসন) ডা: জাকিউল ইসলাম, করোনা ইউনিটের মুখপাত্র ডা: মহিউদ্দিন খান মুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com