August 9, 2026, 8:37 am

বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর কর: চাপ বাড়াবে শিক্ষার্থীদের

বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর কর: চাপ বাড়াবে শিক্ষার্থীদের

ডিএন২৪ ডেস্কঃ বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা ১৫ শতাংশ কর শিক্ষার্থীদের ওপর আরো চাপ বাড়াবে বলে ধারণা বিশেষজ্ঞদের।  

এই কর বাতিলের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, ট্রাস্টি বোর্ডের উচিত এগিয়ে আসা যেন শিক্ষার্থীদের ওপর চাপ না পরে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যানের কর বাতিলের দাবি করেছেন। বরং করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কোনো ট্যাক্স-ভ্যাট থাকা উচিৎ নয় বলে আমি মনে করি। করোনাকালীন যে প্রতিষ্ঠান গুলো চলতে পারছে না, এগুলোকে স্বচ্ছল করা যেতে পারে।“  

শিক্ষাবিদরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কর চাপানো কোনভাবেই ঠিক নয়।  কর আরোপ করলে অনেক শিক্ষার্থী ঝড়ে পরতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর আরোপ করা কতটা যুক্তিসংগত আমি জানি না। এগুলো বাংলাদেশে যেভাবে পরিচালিত হয় সেভাবে আর্থিক চাপটা মূলত ছাত্র-ছাত্রীদের ওপর পড়বে।”   

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কর আরোপ করলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদ আখতার হোসেন বলেন, “প্রথমদিকের বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে ৮০ শতাংশ বিশ্ববিদ্যালয় উপযুক্ত বেতন দিতে পারছে না। যদি কর আরোপ করা হয়, তাহলে উচ্চ শিক্ষার পথ ছাত্র-ছাত্রীদের জন্য বন্ধ হয়ে যাবে।”  

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বলছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের উচিত এই বিষয়ে দায়িত্ব নেয়া ।


ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ আবু তাহের বলেন, “আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো স্বচ্ছল। তাদের রিজার্ভ আছে। যা তারা ব্যাংকে রাখে। সেখান থেকে যে ইন্টারেস্ট পায় সেটা দিয়েই যদি ওই অ্যামাউন্ট (ভ্যাট) দিয়ে দেয় তাহলে ছাত্ররা অ্যাফেক্টেড হবে না।”

এর আগে ২০১৫ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ৭.৫ শতাংশ কর আরোপ করেন ।  কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হন তিনি।

বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com