August 9, 2026, 10:30 am
নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে গুঁড়িয়ে দিয়েছে রাজধানীর যাত্রাবাড়ীস্থ ঢাকা বাজার মৎস্য মার্কেট। আজ শনিবার দুপুর ২টায় এ উচ্ছেদ অভিযান চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও এরফান।
ব্যবসায়ীদের দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা চলমান থাকা অবস্থায় ম্যাজিস্ট্রেট ও ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা কোন কিছুকেই তোয়াক্কা করেনি। এ সময় সুপ্রিম কোর্টের আদেশের কপি তাদেরকে দেখাতে চাইলে তারা তা দেখতেও অস্বীকৃতি জানায়।
সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের উপস্থিতিতে যখন বুলডোজার দিয়ে ব্যক্তি মালিকাধীন ভবন গুঁড়িয়ে দেয়া হচ্ছিল, এসময় মালিক পক্ষের কাউকে সেখানে যেতে দেয়নি বলে মালিক মো. নাসিম অভিযোগ করেন। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের খামখেয়ালীপনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে যাত্রাবাড়ী ঢাকা বাজার মৎস্য মার্কেটের। এ সময় দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
এ ব্যাপারে মার্কেটের জমিদার মো. নাসিম বলেন, আমি সুপ্রিম কোর্টের আদেশের কপি নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিলাম। তারা এগুলো দেখতে এবং আমার কথা শুনতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার মার্কেট গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটিয়েছে , তারা সুপ্রিম কোর্টকে অবমাননা করেছে। সুপ্রিম কোর্টকে অবমাননার জন্য আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা করবো।