August 9, 2026, 1:21 pm
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি ধামতী স্কুলমার্কেট থেকে শুরু হয়ে ভূইয়া মার্কেট হয়ে দক্ষিপাড়া প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীপাড়া, ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে পুণরায় স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে ধামতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সরকার, মাওলানা হাবিবুর রহমান, ধামতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু জায়েদ চৌধুরী জুয়েল, ৬নং ওয়ার্ডের মেম্বার আবু তাহেরসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স তাদের যথাযথ অবস্থান ধরে রাখতে বারবার ব্যর্থ হচ্ছে। তাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কোটি কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে তাদের এ ব্যঙ্গচিত্র দেশটির দেয়ালে দেয়ালে টানানো হয়েছে, তাদের এই ধৃষ্টতা আগের সব মুসলিম বিদ্বেষীদেরকে ছাড়িয়ে গেছে।

তারা আরও বলেন, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ড নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের ফ্রান্সের রাষ্ট্রদূতবে তলব করে প্রতিবাদ করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন আরও জোরালো হবে।
এসময় ফরাসী পণ্য বর্জনের ডাক সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন আন্দোলনকারীদের হাতে দেখা যায়।