August 9, 2026, 10:55 am

আ’লীগের সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে: শেখ হাসিনা

আ’লীগের সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে: শেখ হাসিনা

ডিএন২৪ রিপোর্ট ১৫ জুন ২০২০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, মুজিববর্ষে আওয়ামী লীগের সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে। সেটা নিজের জায়গায় হোক বা নিজের জায়গা না পেলে যেখানেই হোক, রাস্তার পাশে হলেও তিনটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে। নিজেদের সন্তানদের মতো যত্ন করে তুলতে হবে। দেখব কার গাছ কত বড় হয়?

বাংলাদেশ কৃষক লীগ কর্তৃক আয়োজিত ভিডিও কনফারেন্সিংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সবাই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। কমপক্ষে ১ কোটি গাছ লাগাতে হবে।

দেশবাসীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃতিকে রক্ষা করতে আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগালে দেশ সমৃদ্ধ হবে, আপনারা সমৃদ্ধ হবেন। আমিও গণভবনে গাছ লাগাব।

শেখ হাসিনা বলেন, গাছে গাছে ভরপুর ছিল ঢাকা শহর। কিন্তু ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা এটি নষ্ট করেছে। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো তখন এসব কেটে ফেলে দেয়। মনে হয় তার মনে ভয় ছিল। এজন্য ঢাকা শহরের বড় বড় গাছগুলো তারা কেটে ফেলেছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে ১ হাজারেরও বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর খারাপ দিকের পাশাপাশি ভালো দিকও আছে। প্রকৃতি হেসেখেলে উঠেছে। তবে আমরা চাই না কেউ মারা যাক।

প্রধানমন্ত্রী বলেন, করোনায় যেন কৃষিখাত ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন প্রণোদনা দিয়েছি। পেটে খেলে পিঠে সয়, তাই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে এদেশকে আমরা গড়ে তুলব। খাদ্য যাতে বাইরে থেকে আমদানি না করতে হয়, কারো যাতে সহায়তা না লাগে, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।

সভাপতির বক্তব্যে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ বলেন, মহান রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া প্রার্থনা করি, হাজার হাজার কৃষক লীগ নেতাকর্মীদের শ্রদ্ধার বিনিময়ে যেন আপনার আয়ুকে দীর্ঘায়ু করে সুস্বাস্থ্য দান করে। শেখ হাসিনা হাসলে সারা বাংলাদেশ হাসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com