August 9, 2026, 8:41 am
সিলেট প্রতিনিধি
দেশে প্রতিদিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। পিছিয়ে নেই সিলেটও। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন করা হয়েছে সিলেট জেলা। তবে জরুরি সেবার আওতায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে।
নগরীতে কয়েকটি ব্যাংকের শাখায় চলছে সীমিত আকারে লেনদেন। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকে রয়েছে গ্রাহকের ব্যাপক ভিড়।
রোববার নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্টে ডাচ বাংলা ব্যাংকের সিলেট শাখায় এমন অসাবধানতার চিত্র দেখা যায়। সকাল ৭টা থেকে টাকা তুলতে মানুষের ঢল নেমেছিল ব্যাংকের সামনে। সামাজিক দূরত্ব না মেনে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতে ভিড় করেছিলেন গ্রাহকরা।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, লকডাউনের মধ্যেও ব্যাংক থেকে টাকা তোলার চাপ বেড়েছে ব্যাপক হারে। ফলে সাধারণ ছুটির মধ্যেও সীমিত আকারের ব্যাংকিং লেনদেনে গ্রাহকদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। ব্যাংকের বাইরে দীর্ঘ লাইন থাকলেও ভেতরে নির্দিষ্ট দূরত্ব মেনে লেনদেন করা হচ্ছে।
রোববার দুপুরে ডাচ বাংলা ব্যাংকের সিলেট শাখার জুনিয়র ফরেন রেমিটেন্স অফিসার নাজমুল হোসাইন তারেক বলেন, আমরা সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩০০ মানুষকে সেবা দিয়েছি। মানুষ সুশৃঙ্খলভাবে এলে আমরা সুন্দরভাবে সেবা দিতে পারবো। মাস্ক ও গ্লাভস পরে ব্যাংকে এলে আমাদের সেবা দিতে সুবিধা হবে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মানুষকে বুঝিয়ে বলেছি শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে আপনারা সেবা নিতে যান। ব্যাংক কর্মকর্তাদের কর্মকর্তাদের অনুরোধ করেছি ভিড় কমাতে। ব্যাংকের আরও কয়েকটি শাখা খোলার কথা বলেছি।