August 9, 2026, 10:43 am
ডিএন২৪ ডেস্ক: গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে আটক এক নাগরিককে নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান। অস্ট্রেলিয়ার রাজনৈতিক চাপের কাছে কোনো নতি স্বীকার করা হবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক কাইলি মুর গিলবার্টকে ইরানের আইন অনুযায়ী কারাদণ্ড দেয়া হয়েছে এবং সব আইন অনুযায়ী তাকে কারাদণ্ডের মেয়াদ শেষ করতে হবে। খবর ইরনার।
চলতি বছরের শুরুর দিকে কাইলি মুর গিলবার্টকে অস্ট্রেলিয়ার আরো দুই নাগরিক জুলি কিং ও মার্ক ফার্কিনের সঙ্গে আটক করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই ব্যক্তির অপরাধের মাত্রা হালকা হওয়ায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় ফিরে গেছে।
ওই দুই অস্ট্রেলিয় নাগরিক ড্রোন উড়িয়ে ইরানের সামরিক ও নিষিদ্ধ এলাকার ছবি তুলেছিল।তবে গিলবার্ট গুপ্তচরবৃত্তির মতো কঠিন অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে ইরানের আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
গিলবার্টকে মুক্ত করার জন্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
তিনি বলেন, ইরান কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না।২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ অবৈধভাবে ইরানি নারী নেগার কুদস কানিকে গ্রেফতারের ও বিনা অভিযোগে ২৭ মাস আটকে রাখার কথা তেহরান ভুলে যাবে না।