September 19, 2026, 5:32 pm
প্রিতম পাল, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
প্রতিবারের ন্যায় এবারো দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে ‘শ্রীমঙ্গল মুক্ত দিবস’। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের পুরানবাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাড়াউড়া বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে বিকালে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’র আয়োজনে ‘জাগরণের গান’ শীর্ষক মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনাসভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন, পথসভা ও দেশাত্ববোধক গানের আয়োজন করা হয়।