August 9, 2026, 12:06 pm

উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে: আইজিপি

উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে: আইজিপি

ডিএন২৪ রিপোর্ট: চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে বিজ্ঞানভিত্তিক তদন্ত কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেছেন, সাইবার, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্ত করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে।

শনিবার রাজধানীর রাজারবাগে প্রধান অতিথি হিসেবে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ১০০তম এইড টু গুড ইনভেস্টিগেশন কোর্সসহ ৬টি কোর্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে মামলার মূল রহস্য বের করে আনতে হবে।

আইজিপি বলেন, সিআইডি শত বছরের অধিক সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য এবং গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সিআইডির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিটিএস’র কমাড্যান্ট শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাব উদ্দীন কোরেশী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি অনুষ্ঠানিকভাবে কোর্সগুলো উদ্বোধন করেন। এর আগে আইজিপি ১০ তলাবিশিষ্ট ডিটেকটিভ ট্রেনিং স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com