August 9, 2026, 12:53 pm

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ডিএন২৪ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি আন্তনগর ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার শোক বার্তায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি স্থানীয় জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আরেক শোকবার্তায় এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কথা জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এ ছাড়া এ দুর্ঘটনায় আহতদের আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে ১৫ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। সংঘর্ষে উদয়ন এক্সপ্রেসের দুটি বগি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় ঘটনাস্থল থেকে জেলা প্রশাসক হায়ত উদ-দৌলা বলেন, ‘নিহতদের শনাক্ত করে তাঁদের লাশ বাড়ি পৌঁছানোর জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হবে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com