August 9, 2026, 10:29 am

শাওন ও সম্রাট সহ ১ ডজন নেতার ব্যাংক হিসাব তলব

শাওন ও সম্রাট সহ ১ ডজন নেতার ব্যাংক হিসাব তলব

ডিএন২৪ ডেস্কঃ যুবলীগ নেতা ও সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন এবং ইসমাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া আটক যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগের নেতা শফিকুল আলম ওরফে ফিরোজ ও রিমান্ডে থাকা যুবলীগের নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এক চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, নুরুন্নবী চৌধুরী ও ইসমাইল হোসেন সম্রাটের ব্যাংক হিসাবে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে, তার হিসাব পাঁচ দিনের মধ্যে দিতে বলা হয়েছে তফশিলি ব্যাংকগুলোকে। 

এ ছাড়া ক্যাসিনো–কেলেঙ্কারির ঘটনায় আটক যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজ ও রিমান্ডে থাকা যুবলীগের নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাঁদের স্ত্রী, মা বা স্বার্থসংশ্লিষ্ট অন্য যেকোনো নামে হিসাব থাকলে তা-ও স্থগিত করা হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় এসব হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।

শাওন ও সম্রাট ছাড়া বাকি যে ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- ফারজানা চৌধুরী, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এস এম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়াল।

গত ১৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন ফকিরাপুলে তার ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনোতেও অভিযান চালায় র‌্যাব।এর তিনদিন পর ২০ সেপ্টেম্বর নিকেতনে নিজ অফিস থেকে জি কে শামীমকে গ্রেফতার করা হয়। খালেদ ও শামীমকে গ্রেফতারের সময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com