August 9, 2026, 9:33 am

তালেবানের সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

তালেবানের সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছেন।

আজ রোববার ক্যাম্প ডেভিডে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বৈঠকের কথা ছিলো।

কিন্তু কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পর তিনি সেই বৈঠক বাতিল করেন।

এরপর টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তালেবানদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা হবে না।

আফগানিস্তানে গত ১৮ বছরের সংঘাত বন্ধে একটি শান্তিচুক্তির লক্ষ্যে গত এক বছর ধরে দোহায় তালেবানের সঙ্গে ৯ দফা আলোচনা করেন মার্কিন দূত জালমে খালিলজাদ।

সোমবার তালেবানদের সঙ্গে মূল চুক্তি হওয়ার সম্ভবনার কথা জানিয়েছিলেন আলোচনার মধ্যস্থতাকারী খালিজাদ। তিনি তখন বলেছিলেন, চুক্তি প্রস্তুত, এখন কেবল ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা।

ওই শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিলো যুক্তরাষ্ট্র। আগামী বিশ সপ্তাহের মধ্যে ৫ হাজার ৪০০ সেনা প্রত্যাহার করা হবে বলেও ঘোষণা করেছিলো ট্রাম্প প্রশাসন। বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

শনিবার রাতে একগুচ্ছ টুইটার বার্তায় ট্রাম্প বলেন, “আগামীকাল রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”

ট্রাম্প আরো লিখেছেন, তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় একজন মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, হামলার দায় তালেবান স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com