August 9, 2026, 8:41 am
আজ ২১ সেপ্টম্বর, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়াস্থ আহমদীয়া মসজিদ “মসজিদ বাইতুল ওয়াহেদ” থেকে এশার নামায শেষে বাসায় ফেরার পথে আনুমানিক রাত ৮-৪০ মিনিটের দিকে নাজিব হোসেন আকাশ এবং সোহান উদ্দিন নামক আহমদীয়া মুসলিম জামা’তের দুই যুবককে পার্শবর্তী তাহাফফুজে খতমে নবুয়ত মাদ্রাসার কতিপয় ছাত্র এবং আরো কয়েকজন লোক মিলে আক্রমণ করে। তাদের আচমকা আক্রমণ থেকে সোহান উদ্দিন কোন রকমে পালিয়ে যেতে সক্ষম হলেও আক্রমণকারীরা নাজিব হোসেন আকাশকে মাদ্রাসার ভেতরে নিয়ে যায় এবং লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে বেদম মারধর করে। ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মাদ্রাসা থেকে গুরুতর আহত অবস্থায় নাজিব হোসেন আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু নাজিবের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর নাজিবকে দ্রুত ঢাকায় কোন বড় হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সে অনুযায়ী এই রিপোর্ট লেখা পর্যন্ত নাজিবকে বহনকারী এম্বুলেন্সটি ঢাকার পথে ছিল।

আমরা আহমদীয়া মুসলিম জামা’তের পক্ষ থেকে এধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
আমরা লক্ষ্য করেছি যে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বিগত কয়েক মাসে ধর্মীয়
উগ্রবাদীদের দ্বারা আহমদীয়া বিরোধী বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে। বিগত ১৪
জানুয়ারী ২০২০ এশার নামাযের কিছু আগে একই মাদ্রাসা এবং
সংলগ্ন মসজিদ
যেটি একসময় আহমদীয়া মসজিদ ছিল এবং ১৯৮৭ সালে উগ্র মৌলবীরা বলপূর্বক দখল করে
নেয় সেখান থেকে মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আহমদীয়া মসজিদ “বায়তুল ওয়াহেদ” – এ
অতর্কিত আক্রমণ চালানো হয় এবং মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। তেমনি গত ৯
জুলাই ২০২০ ব্রাহ্মণবাড়িয়া শহরের নিকটবর্তী ঘাটুরা গ্রামে মাত্র তিনদিন
বয়সী একটি আহমদী নবজাতক কন্যা সন্তানের লাশ উগ্র মৌলবাদীরা কবর থেকে উপরে
রাস্তায় ফেলে দেয়।
উক্ত দুটি ঘটনায়ই প্রশাসন দ্রুত শান্তি স্থাপনের ব্যবস্থা নিলেও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয় নি। আমরা মনে করি এর ফলে দুষ্টচক্র দিন দিন তাদের সাহস সঞ্চার করে ভবিষ্যতে আরও বড় ধরণের ঘটনা ঘটানোর পাঁয়তারা করছে।