August 9, 2026, 9:38 am

বঙ্গবন্ধুর আদর্শই পারে বৈষম্যমুক্ত পৃথিবী গড়তে : স্থানীয় সরকার মন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শই পারে বৈষম্যমুক্ত পৃথিবী গড়তে : স্থানীয় সরকার মন্ত্রী

ডিএন২৪ ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, চেতনা ও মূল্যবোধ অনুসরণ করলে সারা পৃথিবী বৈষম্যমুক্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে হতে জাতির পিতার ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ওয়াসা আয়োজিত ‘বঙ্গবন্ধু ও আন্তর্জাতিকতাবাদ: আমাদের শিক্ষণীয়’ শীর্ষক আলোচনায় অনলাইনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, প্রজ্ঞা ও দর্শন বিশ্ব নেতা ও সাধারণ মানুষের কাছে এখনও স্মরণীয়, অনুকরণীয় এবং চলার পথের চালিকা শক্তি হিসেবে কাজ করে।

মন্ত্রী জানান, জাতির পিতা মানুষের মধ্যে যে মূল্যবোধ ও দর্শন জাগ্রত করেছিলেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িতদের, স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করে সেই মূল্যবোধকে নষ্ট করে দিয়েছে।

বঙ্গবন্ধু শোষিতের পক্ষে এবং শোষণের বিপক্ষে সারাজীবন আন্দোলন-সংগ্রাম করেছেন উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন পৃথিবীতে মানবতার, নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির পক্ষে শান্তির ও সমতার কথা বলেছেন।

বঙ্গবন্ধু দূরদর্শী কূটনৈতিক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যেমন সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, অপরদিকে বিশ্ব পরিমণ্ডলে অনেক মিত্র সৃষ্টি করেছেন। এসব গুণ তাকে বিশ্বনেতায় পরিণত করেছে, বলেন মন্ত্রী।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর প্রকৌশলী হাসিন জাহান ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালক সিংসহ ঢাকা ওয়াসার বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com