August 9, 2026, 8:38 am
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাংক ম্যানেজারের শরীরে করোনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক লিমিটেডের বানিয়াচং শাখা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খন্দকার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মারফত জানা যায়, বানিয়াচং উপজেলাধীন ০১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড বানিয়াচংয়ের একজন কর্মকর্তার করোনা পজিটিভ আসায় ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস হবিগঞ্জ এর স্মারকপত্রের আলোকে ৩ মে থেকে ৫ মে ব্যাংকটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সিলেট করোনা পরীক্ষার ল্যাব থেকে প্রকাশিত করোনা সনাক্তকরণ পরীক্ষার রিপোর্টে সোনালী ব্যাংক বানিয়াচং শাখার ম্যানেজারের করোনা পজিটিভ আসে।
ইতোমধ্যে ঐ ব্যাংক কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ঐ কর্মকর্তার ভাড়া বাসার অন্যান্য লোকজন ও সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।