August 9, 2026, 10:30 am

দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন: অর্থমন্ত্রী

দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন: অর্থমন্ত্রী

ডিএন২৪ রিপোর্ট

করোনাভাইরাসের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন- এই প্যাকেজের আওতায় সারা দেশের মানুষ থাকবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার গণভবনে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর অর্থমন্ত্রী আরও বলেন, দেশের সবাই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবেন। কেউ বাদ যাবেন না। কৃষক থেকে শুরু করে সব পেশার মানুষ প্রণোদনা প্যাকেজের সুফল পাবেন। কলকারখানা, সেবা খাতসহ সব এই প্রণোদনা প্যাকেজের আওতায় থাকবে।

এছাড়া মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকায় অর্থনৈতিক উন্নতিও অব্যাহত থাকবে। যদি পরিস্থিতি প্রলম্বিত না হয় তাহলে জিডিপির প্রবৃদ্ধির হারও ৮ শতাংশের কাছাকাছি থাকবে বলে আশা প্রকাশ করেন আহম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮-০৯ সালের বিশ্বমন্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগেভাগেই দ্রুত প্রণোদনা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী, তা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সহায়ক হবে।

তিনি বলেন, খারাপ পরিস্থিতি একসময় কেটে যাবে। তখন আমরা যাতে দ্রুত আগের অবস্থানে চলে আসতে পারি এবং প্রবৃদ্ধি অর্জন করতে পারি, সেজন্যই আমাদের প্রধানমন্ত্রী এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। আশা করছি, অর্থনীতিতে যেসব জায়গায় বাংলাদেশ পিছিয়ে ছিল, ঘোষিত প্রণোদনা প্যাকেজের কারণে সে জায়গাগুলো এখন পূরণ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com