August 9, 2026, 2:02 pm

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল

ডিএন২৪ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার পূর্বনির্ধারিত নয়াদিল্লি সফর বাতিল করেছেন।‘দিল্লি­ ডায়ালগ’ শুরুর আগ মুহূর্তে এই সফর বাতিল করা হলো।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ওই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার কথা ছিল তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আব্দুল মোমেনের ভারত সফরের বাতিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।সফর বাতিলের কারণ হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকার কথা বলা হয়েছে।

বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব দেশের বাইরে রয়েছেন। ভারতের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের কোনো কর্মকর্তাকে পাঠানো হতে পারে।

তবে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে দুই দেশের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে।বিতর্কিত এই বিলের জেরে আসাম, ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। বিক্ষোভ-প্রতিবাদ ক্রমেই সহিংস রূপ নেয়ায় বিভিন্ন স্থানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিতর্কিত ওই বিল অনুযায়ী, প্রতিবেশী দেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন নাগরিকত্ব পাবে।

এ আইন যে দুই নিকট প্রতিবেশীর বিশেষ সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করেছে, গতকাল বুধবার তার আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট  মিলারের সঙ্গে নিজের দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ঐতিহাসিকভাবে একটি সহনশীল দেশ, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। সেখান থেকে পদস্খলন হলে ভারতের ঐতিহাসিক অবস্থান দুর্বল হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com