August 9, 2026, 9:34 am

পাপনের ক্যাসিনোতে খেলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাপনের ক্যাসিনোতে খেলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএন২৪ ডেস্কঃ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনোতে খেলার একটি ভাইরাল ভিডিও নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি বাইরের (বিদেশে) কোনো জায়গায় খেলেছেন।

তিনি বলেন, যারা এই আইন মানছেন না আমরা তাদের বিরুদ্ধে কাজ করছি। যারা অবৈধ ক্যাসিনো ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কে খেলল কে কী করল, এরকম করলে তো আমাদের লাখ লাখ লোকের পিছনে দৌড়াতে হবে। একজন দু’জন তো খেলে না, এরকম যদি সবাইকে ধরতে যাই, কয়েক লাখ লোক হবে।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’-এ সংলাপের আয়োজন করে।

ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অপরাধে যদি সম্রাট গ্রেফতার হন তবে পাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর ইফেক্টটা কী, একটা অবৈধ ব্যবসা। আমাদের সংবিধানে জুয়া খেলার স্বীকৃতি নেই। আর বঙ্গীয় আইন ১৮৬৭ সালের, সেই আইনটি এখনও বলবৎ রয়েছে। সেই আইনের সর্বোচ্চ সাজা আপনারা সবাই জানেন। জুয়া যেহেতু আমাদের সংবিধানে নিষিদ্ধ এ জন্য আমরা এর বিরুদ্ধে কাজ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যার (পাপন) কথা বললেন তিনি কিন্তু বাংলাদেশে নয়, ভিডিওটি আমরা দেখেছি, বাইরের কোনো জায়গায় খেলেছেন।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com