August 9, 2026, 7:42 am
দিনভর বৃষ্টি থাকায় ঈদের তৃতীয় দিন আজ বুধবার উপচেপড়া ভিড় হয়নি মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমায় দর্শনার্থীর আগমন বাড়তে দেখা যায়। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সের প্রায় ৮০ হাজার মানুষের আগমন ঘটে বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
বুধবার (১৪ আগস্ট) সরেজমিন চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, ঈদ উৎযাপনে রাজধানীর ছোট-বড় সকল বয়সী মানুষ বাড়তি বিনোদনের আশায় চিড়িয়াখানা ছুটে আসছেন। ভেতরে প্রবেশ করে এদিক-ওদিক ঘুরে কেউ গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার পানির পিপাসা মেটাতে পানির ট্যাংকগুলোর সামনে ভিড় জমিয়েছেন। অনেকে আবার ছাউনির নিচে বসে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খাচ্ছেন। তবে বৃষ্টিতে চিড়িয়াখানার ভেতরে-বাইরে স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকায় নিরাপদে বসার স্থান না পেয়ে অনেককে পরিবার নিয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে দেখা গেছে। দীর্ঘ চার বছর এবার চিড়িয়াখানায় প্রবেশ টিকিট মূল্য ৩০ টাকা থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে দর্শানার্থীরা জানিয়েছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বিনোদনে প্রাণীপ্রেমীদের আনন্দ বাড়াতে জাতীয় চিড়িয়াখানায় নতুন করে দুটি চিতা বাঘ, দুটি ইমপালা, দুটি হাতী আনা হয়েছে। শতাধিক ইমু পাখির ইমু পার্ক তৈরি করা হয়েছে। ঈদে উপচেপড়া দর্শনাথীদের সকল সুবিধা নিশ্চিত করতে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তারা আগত দর্শনাথীদের সুবিধা দিতে সকাল ৮ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করছেন।