August 6, 2026, 3:43 pm

মাঠ উত্তপ্ত করে খালেদা জিয়াকে মুক্ত করব: খন্দকার মাহবুব

মাঠ উত্তপ্ত করে খালেদা জিয়াকে মুক্ত করব: খন্দকার মাহবুব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খন্দকার মাহবুব হোসেন। ছবি: সংগৃহীত

ডিএন২৪ ডেস্কঃ মাঠ উত্তপ্ত করে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, ‘আর সময় নেই জনগণ জেগেছে, আইনজীবীরা জেগেছে, আমাদের নেতারা আছেন। ইনশাআল্লাহ, মাঠ উত্তপ্ত করে বেগম জিয়াকে মুক্ত করব। আর যত রাজনৈতিক নেতারা জেলখানায় রয়েছেন, তাদেরও মুক্তি দিতে হবে।’

মঙ্গলবার বিকালে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নবগঠিত আইনজীবী ফোরাম।

শ্রদ্ধা জানানো শেষে খন্দকার মাহবুব বলেন, আইনজীবীরা মাঠে নেমেছে। যেই পর্যন্ত এই অবৈধ সরকারের পতন না ঘটবে সেই পর্যন্ত আমরা মাঠে থাকব।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, হত্যা-গুম-খুন ও ধর্ষণ করে সারা দেশে দুর্নীতির আখড়া তৈরি করছে। কারা ক্যাসিনো করেছে, কাদের আশ্রয়ে ক্যাসিনো হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে তারা যদি মনে করে বড় বড় দুর্নীতিবাজদের বাদ দেবে সেটা হবে না। আমরা একটা একটা করে দুর্নীতিবাজদের বিচার করব।

বিএনপির এ ভাইস-চেয়ারম্যান বলেন, ‘আজকে আমরা শপথ নিচ্ছি যেই পর্যন্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচন না হবে, যেই পর্যন্ত না এই সরকারের পতন হবে, যেই পর্যন্ত না দুর্নীতি মুক্ত না হবে- সেই পর্যন্ত আন্দোলনে রাজনীতিবিদদের সঙ্গে আইনজীবীরা মাঠে থাকবে।’

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, সেলিমা রহমান, নিতাই রায় চৌধুরী, মীর মুহম্মদ নাসির উদ্দিন, ফারহাত হোসেন, বোরহান উদ্দিন, ফজলুর রহমান, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, মাসুদ আহমেদ তালুকদার, আবেদ রাজা, গাজী কামরুল ইসলাম সজল, আমিনুল ইসলাম, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল, মীর মুহম্মদ হেলাল উদ্দিন, মেজবাহ উদ্দিন, জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com