August 9, 2026, 6:38 am
গৌতম বুদ্ধ পাল, বিশেষ প্রতিনিধিঃ
“আজ থেকে স্বাধীনতা শব্দটি আমাদের” র্শীষক আলোচনা সভা আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার উপর এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারি শিক্ষক মিসেস. শর্মিলা নন্দী মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মি. নিরঞ্জন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মি. সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মিসেস. জায়েদা বেগম, আরও বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মি. গৌতম বুদ্ধ পাল ও সহকারি শিক্ষক মি. মনিরাম রবিদাস।
মি. নিরঞ্জন দেব বলেন, বঙ্গবন্ধু তৎকালিন রেসকোর্স ময়দানে নিরস্ত্র বাঙ্গালীর সামনে যখন ঘোষণা দেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, তখন বাঙ্গালী জাতি একটি নতুন প্রাণ ফিরে পেয়েছে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। তখন থেকে আমরা বলতে পারি এ দেশ আমার এ দেশ আমাদের।

মিসেস. জায়েদা বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আগে দেশ সম্পর্কে জানার এতো মাধ্যম ছিল না, এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের খবর ঘরে বসে জানা সম্ভব।
মি. গৌতম বুদ্ধ পাল, স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাঙ্গালী জাতি পেয়েছে একটি স্বাধীন দেশ।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর পূর্বে উপজেলা পরিষদের আয়োজনে সূযোর্দয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান শিক্ষকের নেতৃত্বে পূষ্পস্তবক অর্পন করা হয়।