August 9, 2026, 7:36 am

লঞ্চে ডেকের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

লঞ্চে ডেকের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার প্রেক্ষাপটে লঞ্চে ডেকের ভাড়া বাড়ল ৬০ শতাংশ। তবে কেবিনের ক্ষেত্রে কোনো ভাড়া বাড়বে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার থেকেই এই ভাড়া কার্যকর হবে। স্বাস্থ্যবিধি মানা সংক্রান্ত সরকারি নির্দেশনার মেয়াদ আগামী ২ সপ্তাহ পর্যন্ত বর্ধিত ভাড়া কার্যকর থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে বুধবার লঞ্চ মালিকদের সাথে আলোচনার পর ভাড়া বাড়ানোর প্রস্তাবের চিঠি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। সেখানে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেয়ার কথা বলা হয়।

করোনা সংক্রমণ রোধে গত সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

পরে ৬০ শতাংশ বাস ভাড়া বাড়িয়ে ধারণক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com