August 3, 2026, 8:42 am

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিপিকেএস কনজ্যুমারের যাত্রা শুরু

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিপিকেএস কনজ্যুমারের যাত্রা শুরু

বিশেষ প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বিপিকেএস কনজ্যুমার লিমিটেড। আগামী ১০ বছরের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্তত ১০ হাজার জনের কর্মসংস্থানের প্রত্যয়ে এটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)। বেসরকারি এই সংস্থাটি পুরোপুরি পরিচালিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা।

এ বিষয়ে বিপিকেএস এর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, দেশের মোট
জনসংখ্যার প্রায় ১০ থেকে ১৭ শতাংশ মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী। বিভিন্ন কর্মসূচি এবং উদ্যোগের ফলে এই সকল প্রতিবন্ধী নাগরিকদের মধ্যে বর্তমানে শিক্ষার হার বাড়ছে, ফলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি হয়ে পড়ছে। এরই প্রেক্ষিতে বিপিকেএস কনজ্যুমার লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। প্রাথমিকভাবে বিপিকেএস কনজ্যুমার ওয়ান ব্র্যান্ডের নামে ডিটারজেন্ট, চিনিগুঁড়া চাল, ব্ল্যাক টি, ডিশ ক্লিনার, টয়লেট ক্লিনার ও হ্যান্ডওয়াশ বাজারে নিয়ে এসেছে। আরো কিছু পণ্য বাজারজাত হওয়ার অপেক্ষায়। আবদুস সাত্তার দুলাল জানান, এসব পণ্যের বিক্রয়লব্ধ লভ্যাংশের উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে ব্যয় হবে।

বিপিকেএস কনজ্যুমার লিমিটেডের চেয়ারম্যান আবদুস সাত্তার দুলাল বলেন, “বিপিকেএস কনজ্যুমার দেশের কোম্পানি আইনের আওতায় একটি ব্যবসায়িক কোম্পানি যা স্বনির্ভরতার সহিত টেকসই ও নিরাপদ পরিবেশে পিছিয়ে থাকা প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে। এটি সৃষ্টিশীলতা, প্রবৃদ্ধি, মানবিকতা ও শান্তির প্রতীক হয়ে এগিয়ে চলছে। এর প্রাথমিক লক্ষ্য হলো আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিসহ ১০ হাজার লোককে উপযুক্ত পারিশ্রমিকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নাগরিকদেরকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য সরবরাহ করা। এর লভ্যাংশের উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে ব্যয় করা।”
কোম্পানিটির সফলতায় দেশের সকল নাগরিকের সহযোগিতা ও সমর্থন দাবি করেন তিনি।


বিপিকেএস কনজ্যুমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আঃ আজিজ খান বলেন, “বিপিকেএস কনজ্যুমার দেশের প্রতিটি নাগরিকের জন্য ভেজালমুক্ত, মানসম্মত পণ্য সামগ্রী সরবরাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। সবাইকে বিপিকেএস কনজ্যুমার এর পণ্য ব্যবহার করে প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com