August 9, 2026, 11:08 am

পাঁচ দফা দাবী আদায়ে হাটহাজারী মাদরাসায় চলছে ছাত্র আন্দোলন

পাঁচ দফা দাবী আদায়ে হাটহাজারী মাদরাসায় চলছে ছাত্র আন্দোলন

চট্টগ্রাম সংবাদদাতা

পাঁচ দফা দাবী আদয়ে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় চলছে ছাত্র আন্দোলন। বুধবার দুপুর ২টা থেকে মাদরাসার ভিতরে এ আন্দোলন শুরু করে ছাত্ররা।

আন্দোলনরত ছাত্রদের দাবীগুলো হচ্ছে আল্লামা শফি পুত্র মাওলানা আনাছ মাদানীকে বহিস্কার করা, মাদরাসার ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাস্তবায়ন করাসহ সকল প্রকার হয়রানি বন্ধ করা, আল্লামা আহমদ শফি সাহেব মাজুর হওয়ায় পরিচালকের পদ থেকে সম্মানজনক অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানোনো, মাদরাসার উস্তাদদের (শিক্ষক) পূর্ণ অধিকার ও বিয়োগ নিয়োগকে শুরার নিকট ন্যাস্ত করা এবং বিগত শুরার হক্কানী আলেমদেরকে পূনর্বহাল ও বিতর্কিত সদস্যদেরকে পদচ্যুত করা।

এ পাঁচদফা দাবী নিয়ে দুপুরে আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে মাদরাসার সকল গেট বন্ধ করে দেয়া হয়েছে। ভিতরের কেউ বাহিরে, আবার বাহিরের কেউ ভিতরে আসা যাওয়া বন্ধ রয়েছে। আইন শৃংখলা বাহিনীর পুলিশ র‌্যাব সদস্যরা মাদরাসার বাহিরে সামনে অবস্থান করছে। মাদরাসার ভিতরে অবস্থানরত প্রায় ছয় হাজারও ছাত্র এ আন্দোলনে যোগ দিয়েছে। মাদরাসার মাইকে ছাত্র নেতৃবৃন্দ তাদের দাবীগুলো উচ্চারণ করে বক্তব্য রাখতে শুনা যাচ্ছে এবং এ সময় মাদরাসার বাইরে অবস্থানরত ছাত্ররা তাদের দাবীর সাথে একাত্মতায় সুর মিলিয়ে একই প্রতিধ্বনি উচ্চারণ করতে দেখা গেছে।

মাদরাসার সূত্র জানিয়েছেন, মাদরাসা কর্তৃপক্ষ চট্টগ্রাম অঞ্চলের ছয়জন শুরা সদস্যকে জরুরী ভিত্তিতে মাদরাসায় ডেকেছেন। ইতোমধ্যে এ শুরা সদস্যরা মাদরাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুরা সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ছাত্রদের দাবী বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে।

হাটহাজারী মাদরাসার চট্টগ্রাম অঞ্চলের শুরা সদস্য যাদেরকে বৈঠকে ডাকা হয়েছে তাঁরা হলেন হাটহাজারী মেখল মাদরাসার মাওলানা নোমান ফয়জী, ফটিকছড়ি নানুপুর মাদরাসার মাওলানা সালা উদ্দিন নানুপুরী, চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদরাসার মাওলানা ওমর ফারুক, কক্সবাজার চকোরিয়া মাদরাসার মাওলানা সোয়াইব নোমানী, হাটহাজারী ফতেপুর মাদরাসার মাওলানা মাহমুদুল ইসলাম ও হাটহাজারী মাদরাসার মুফতি জসিম উদ্দিন।

দাবী আদায়ে অনঢ় আন্দোলনরত ছাত্ররা বক্তব্যে ও তাদের লিখিত লিফলেটে উল্লেখ করেন-আমাদের দাবী আদায় না হলে মাদরাসার সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তারা আরো বলেছেন, আমাদের আদর্শিক এ আন্দোলনে বাধা সৃষ্টি হলে সমস্ত কওমি মাদরাসায় আন্দোলনের দাবানল জ্বলে উঠবে এবং প্রয়োজনে জেল-জুলুমসহ যে কোন ত্যাগের জন্য প্রস্তুত থাকবো।

এদিকে যে কোনো ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণের মাদরাসার সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যাক পুলিশ ও র‌্যাব সদস্য। দুপুরে মাদরাসায় ছাত্র আন্দোলনের খবর শোনে নগর থেকে এসে হাটহাজারীতে অবস্থান করছেন চট্টগ্রামের এসপি এসএম রাশেদুল হক, মশিউদৌলা রেজা, এডিশনাল এসপি (ডিবি) মহি উদ্দিন কাশেম, রাঙুনিয়ার এডিশনাল এসপি শামীম আনোয়ার ও র‌্যাবের সিবিএ-২ এর প্রধান মশিউর রহমান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com