August 28, 2026, 12:02 pm
ডিএন২৪ ডেস্ক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার পরিবার আবেদন জানিয়েছে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর এ আবেদন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেখা করার জন্য খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার আইজি প্রিজন বরাবর বুধবার দুপুরে এ আবেদন করেন। আবেদনে দেখা করতে চেয়েছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, ভাতিজা শাফিন ইস্কান্দার ও তার স্ত্রী অরনী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগনে শাহরিয়া হক।
অসুস্থতার জন্য খালেদা জিয়া গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার মুক্তির জন্য আইনজীবীরা আবারও জামিন আবেদন করেছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামী রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।