August 9, 2026, 11:42 am
অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪জন ক্রুসহ ১৮০ জন আরোহী ছিলেন। তারা সবাই এ দুর্ঘটনায় মারা গেছেন।
বুধবার ভোররাতে ইরানের ইমাম খোমেনি বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় । ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং-৭৩৭ সিরিজের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে দুর্ঘটনার বিষয়ে ইরানের এভিয়েশন সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ বলেন, খবর পাওয়ার পরেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে । আমরা এই নিয়ে পরবর্তীতে আরো জানাবো।
এদিকে এই দুর্ঘটনার পর বিবৃতি দিয়েছে বিমান নির্মাণ সংস্থা বোয়িং। বিবৃতিতে বোয়িং জানায়, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত রয়েছে এবং তথ্য সংগ্রহ করছে।
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই ইরানে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০১৯ সালে ইরানে বোয়িং ৭০৭ সেনা মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রীর ১৫ জন নিহত হয়েছিলেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।