August 6, 2026, 4:29 am
ডিএন২৪ ডেস্কঃ চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ করতে যেয়ে অনেক জীবিত ভোটারকে ’মৃত’ বানিয়ে ফেলেছে নির্বাচন কমিশন।এর ফলে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কোন কাজ করতে পারছেন না।এছাড়া আগামী নির্বাচনগুলোতেও এ নিয়ে ব্যাপক বিশৃংখলা দেখা দেয়ার আশংকা রয়েছে। এ নিয়ে সারা দেশে ও মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় এখন আবার কথিত ’মৃত’ ব্যক্তিদের ’জীবিত’ করার উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা স্বাক্ষরিত একটি চিঠি সারাদেশের সকল সিনিয়র জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসারের কাছে চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে ব্যবস্থাগ্রহণের দিকনির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ভোটার তালিকাভুক্ত যেসব নাগরিককে ‘মৃত’ দেখিয়ে নাম কর্তন করা হয়েছে তারা বিগত জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। কিন্তু ভোটার তালিকায় এখন তাদের মৃত দেখা যাচ্ছে। জীবিত ব্যক্তি হঠাত্ মৃত হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। বিভিন্ন জেলা নির্বাচন অফিসের মাধ্যমে এমন অসংখ্য ব্যক্তি পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। তবে কেন বা কী কারণে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তন করা হয়েছে, তার সদুত্তর দিতে পারছেন না নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংশ্লিষ্টরা। তারা বলছেন, তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণে এমনটা হতে পারে।