August 9, 2026, 10:30 am

অভিভাবকদের উদ্দেশ্যে ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের খোলা চিঠি

অভিভাবকদের উদ্দেশ্যে ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের খোলা চিঠি

‘যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতাই হোক আপনার প্রতিনিধি নির্বাচনের মাপকাঠি’
সম্মানিত অভিভাবক/অভিভাবিকা
আস্সালামু আলাইকুম।
বাইরে মুষলধারে বৃষ্টি। আকাশে কালো মেঘের ঘনঘটা। হঠাৎ বিজলী বাতির চমক। আনমনাভাবে এক মিনিট চোখ বন্ধ করে ভাবুনতো। সুন্দর এ পৃথিবীটাই অন্ধকার। একটি পা সামনে বাড়াতেই প্রয়োজন আলো। জীবনের অভীষ্ট লক্ষ্যে পথ চলতে গেলেও আলোর প্রয়োজন। আমাদের সন্তানদের সে প্রত্যাশিত আলোকিত জীবনের সন্ধান করতে গিয়েই আপনাদের সাথে দেখা। সেই পুলকিত, শিহরিত, ভর্তি পরিক্ষার দিন। পরবর্তীতে সন্তানের সাফল্যে অশ্রুসিক্ত নয়নে আপনাদের হাসিমুখ, খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে অধীর আগ্রহে সন্তানের ছুটির অপেক্ষা, অভিভাবক দিবসে উপস্থিতি এবং অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২০০৮ইং এর আগস্ট মাসের সেই রৌদ্রকরোজ্জ্বল দিবসটিতে। যেদিন আমি বিস্মিত, অভিভূত, নন্দিত হয়েছিলাম আপনাদের বিবেক-তাড়িত, বুদ্ধিদীপ্ত, হৃদয়-নিংড়ানো, সিক্ত সিদ্ধান্তে। আপনাদের সিদ্ধান্ত ছিল সত্য ও সুন্দরের প্রত্যাশায়। সুযোগ হলো আমার স্কুলের গভর্নিং বডির সদস্য হওয়ার। সৃজনশীল চিন্তা-চেতনা, বিবেক-বুদ্ধি, সত্য ও সুন্দরের সমন্বয় ঘটিয়ে যদি কিছু করা যায় এ প্রত্যাশায় পথ চলা। আপনাদের বিচক্ষণ, সুচিন্তিত মতামত ও বুদ্ধিদীপ্ত বাস্তবসম্মত পরামর্শ আমার এ পথ চলাকে সহজতর করবে। সমৃদ্ধ করবে এ শিক্ষায়তনের সার্বিক কাঠামো। 

তাই আসুন, আমরা সকলে মিলে সচেষ্ট হই এ পবিত্র দায়িত্বটি পালনে। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা, কর্মচারী কারো ভূমিকা এ কাজে কম নয়। আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব অনেক। এ উদাত্ত আহবানটি সে দায়িত্ববোধের কারণেই। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে। আপনাদের সহযোগিতা নিশ্চয়ই আমি আশা করতে পারি। পাশাপাশি কাজ করতে গিয়ে কোন ত্রুটি-বিচ্যুতি কিংবা কোন অসংগতি পরিলক্ষিত হলে গঠনমূলক সমালোচনায় পিছপা হবেন না। আমরা চাই না যে, আমাদের সন্তানেরা একটা অসুস্থ পরিবেশ ও প্রতিযোগিতার মধ্যে বেড়ে উঠুক। পরীক্ষায় ভাল ফলাফলই কী জীবনের সব প্রাপ্তি? আদর্শ শিক্ষা ও মূল্যবোধের দিন কী একেবারেই শেষ? 

চোখ বন্ধ করে দেখুন আলো ও আঁধারের পার্থক্য অনেক, সত্য ও মিথ্যার দূরত্ব বিশাল। আমাদের সন্তানেরা তেমন শিক্ষায় শিক্ষিত হোক, পবিত্র চেতনায় বড় মনের মানুষ হোক-এ প্রত্যাশা সকলের। কারণ বড় অসুস্থ প্রতিযোগিতার মধ্যে কাটছে আমাদের দিন। বরষায় প্রস্ফুটিত কদম কিংবা শরতের শিউলিঝরা সকালের মদালসা গন্ধ আমাদের নাগরিক জীবনকে আন্দোলিত করে না। ডাস্টবিন থেকে কুড়ানো ছেঁড়া, ময়লা ও নোংরা টাকার সুবাস আমাদের আকৃষ্ট করে বেশি। বিষয়টি হয়তোবা আপেক্ষিক। মানুষ স্বভাবতই সত্য ও সুন্দরের পূজারী। তাই নান্দনিক শুভেচ্ছা। সকলকে, যারা বিগত ২২ এপ্রিল-২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে আমাকে মূল্যবান ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন। 

তাই বড়ই ঋণী মনে হয় নিজেকে। যে ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। তথাপি আপনাদের প্রিয় সন্তানদের লেখাপড়ার মান এবং স্কুলের সার্বিক উন্নয়নে এবং কোন সমস্যার সমাধান ভবিষ্যতে যদি সামান্যতম ভ‚মিকা রাখার সুযোগ থাকে তবে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে সর্বাবস্থায় আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো। অনাগত দিনগুলো সত্য ও সুন্দরের প্রত্যাশায় বিলীন হোক। বেঁচে থাকলে আবার কথা হবে, আবার দেখা হবে। আপনাদের সকলের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা শেষে আসন্ন অভিভাবক প্রতিনিধি নির্বাচনে (কলেজ শাখায়) আপনার সুচিন্তিত রায় আমি কী প্রত্যাশা করতে পারি না?

ধন্যবাদান্তে-
ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com