August 9, 2026, 8:38 am

জামিন নাকচ, ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

জামিন নাকচ, ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

ডিএন২৪ ডেস্ক: মানহানির অভিযোগে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তফাজ্জল হোসেন তার জামিন আবেদন নাকচ করে দিয়ে এ আদেশ দেন। আদালতের আদেশের পর বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ২১ অক্টোবর সাংবাদিক মাসুদা ভাট্টি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

এর আগে ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’-এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা ভাট্টির এমন প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com